সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : চিংড়ি বাঙালির রান্নাঘরের বেশ পরিচিত একটি উপকরণ। কচুশাকের সঙ্গে হোক কিংবা নারকেলের দুধে মালাইকারি চিংড়ির নানা পদই পছন্দ করেন ভোজনরসিকরা। তবে চিংড়ি দিয়ে একটু ভিন্ন স্বাদের কোনো পদ খেতে চাইলে তৈরি করতে পারেন বরিশালের ঐতিহ্যবাহী খাবার ‘চিংড়ির জলটোবা’। ঘরোয়া কিছু উপকরণেই তৈরি করা যায় সুস্বাদু এই রান্না।
যেসব উপকরণ লাগবে :
চিংড়ির জলটোবা বানাতে লাগবে ৫০০ গ্রাম মাঝারি আকারের চিংড়ি, ২ টেবিল চামচ লেবুর রস, ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ১ টেবিল চামচ গরম মশলা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২টি তেজপাতা, ৪টি কাঁচালঙ্কা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে স্বাদমতো নুন ও চিনি, ১ কাপ নারকেলের দুধ এবং ১ চামচ ঘি লাগবে। রান্নার জন্য প্রয়োজনমতো সর্ষের তেল নিতে হবে।
যেভাবে রান্না করবেন ;
প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। মাথা কেটে বাদ দিয়ে নুন ও লেবুর রস মাখিয়ে নিন। এরপর চিংড়ি মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এবার চিংড়ির সঙ্গে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। অন্যদিকে কড়াইতে সরিষার তেলে গরম করে তাতে তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ বাটা ও গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে টকদই ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। সঙ্গে স্বাদমতো নুন ও সামান্য চিনি মিশিয়ে নিন।
মশলা ভালোভাবে কষানো হলে এতে নারকেলের দুধ ঢেলে দিন। এবার ফ্রিজে রাখা চিংড়ির মিশ্রণ বের করে ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো করে নিন। চিংড়ির বলগুলো ধীরে ধীরে গ্রেভির মধ্যে দিয়ে দিন। আঁচ কমিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। চিংড়ির বলগুলো সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। সবশেষে উপর থেকে এক চামচ ঘি ও সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি বরিশালের স্বাদের চিংড়ির জলটোবা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে দুপুরের খাবার।
সুপারস্টারনিউজ/এআর