সুপারস্টারনিউজ ধর্ম ডেস্ক : চারিত্রিক সংযম হলো মানুষের নিজের ইচ্ছা, আবেগ, লোভ ও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার বিশেষ মানসিক ক্ষমতা। উত্তম চরিত্র ঈমানকে পরিপূর্ণ করে।
চারিত্রিক সৌন্দর্য অর্জন না করে ঈমানের সৌন্দর্য অর্জন করা সম্ভব নয়।
১. চারিত্রিক পবিত্রতা সফলতার অন্যতম পথ : আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, যারা নিজেদের নামাজে বিনয়ী, যারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে, যারা জাকাত আদায় করে এবং যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে। তবে তাদের স্ত্রী ও তাদের অধিকারভুক্তদের ক্ষেত্রে নয়; এতে তারা নিন্দিত হবে না। অতঃপর কেউ এর বাইরে কিছু কামনা করলে তারাই সীমা লঙ্ঘনকারী।’ (সুরা : আল-মুমিনুন, আয়াত : ১-৭)
ইবনু কাসির (রহ.) বলেন, এর অর্থ হলো তারা নিজেদের লজ্জাস্থান হারাম কাজ থেকে সংরক্ষণ করে; আল্লাহ যেসব কাজ নিষেধ করেছেন, যেমন ব্যভিচার ও সমকামিতা, তাতে তারা লিপ্ত হয় না; বরং আল্লাহ যাদের বৈধ করেছেন, শুধু তাদের সঙ্গেই সম্পর্ক স্থাপন করে। এ বিধান পুরুষ ও নারী—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
২. পবিত্রতা নেককারিতার পরিচয় : আল্লাহ তাআলা বলেন, ‘সুতরাং নেককার নারীরা অনুগত এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যেভাবে হেফাজত করতে বলেছেন, সেভাবে নিজেদের সংরক্ষণকারী।’ (সুরা : আন-নিসা, আয়াত : ৩৪
ইবনু কাসির (রহ.) বলেন, ‘নেককার নারীরা’ অর্থ যেসব নারী সৎ ও নেককার।
‘অনুগত’ অর্থ তারা তাদের স্বামীদের আনুগত্য করে। আর ‘অনুপস্থিতিতে সংরক্ষণকারী’ অর্থ স্বামী অনুপস্থিত থাকলেও তারা নিজেদের চরিত্র ও স্বামীর সম্পদ সংরক্ষণ করে।
৩. চারিত্রিক পবিত্রতা ক্ষমা লাভের কারণ : আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, নিজেদের লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ ও নারী এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ ও নারী—আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন।’ (সুরা : আল-আহজাব, আয়াত : ৩৫)
এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে হারাম থেকে নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করা ক্ষমা ও মহাপুরস্কার লাভের অন্যতম কারণ।
৪. পবিত্রতা আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া : আল্লাহ তাআলা মুমিন নারীদের উদ্দেশে বলেন, ‘মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া।
তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর ফেলে দেয়।’ (সুরা : আন-নূর, আয়াত : ৩১)
আয়াতের শেষে আল্লাহ বলেন, ‘আর তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, হে মুমিনরা, যাতে তোমরা সফল হতে পারো।’
৫. চারিত্রিক সংযম মুক্তির চাবিকাঠি : আল্লাহ তাআলা বলেন, ‘যারা বিবাহের সামর্থ্য রাখে না, তারা যেন নিজেদের সংযত রাখে, যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করেন।’ (সুরা : আন-নূর, আয়াত : ৩৩)
৬. চারিত্রিক পবিত্রতা নেক সন্তান লাভের মাধ্যম : আল্লাহ মারইয়াম (আ.)-এর প্রশংসা করে বলেন, ‘আর ইমরানের কন্যা মারইয়াম, যে তার সতীত্ব সংরক্ষণ করেছিল। অতঃপর আমরা তার মধ্যে আমাদের পক্ষ থেকে রুহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত।’ (সুরা : আত-তাহরিম, আয়াত : ১২)
৭. চারিত্রিক সংযম জান্নাতের চাবিকাঠি : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে নারী তার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং তার স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে—তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো।’ (সহিহুল জামে, হাদিস : ৬৬০)
এই হাদিসগুলো থেকে বোঝা যায়, পবিত্রতা শুধু একটি নৈতিক গুণ নয়; বরং এটি জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম।
সুপারস্টারনিউজ/এআর