সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে অকল্পনীয় মানসিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে!
ভালোবেসে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু সেই ভালোবাসা বারবার আঘাতে রূপ নেয়; যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?”
২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জির বয়স খুবই কম ছিল। তখন পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে; যার নাম অভিমন্যু। শ্রাবন্তী তাকে ভালোবেসে ‘ঝিনুক’ নামে ডাকেন। মা-বাবার বিচ্ছেদের পর ঝিনুক মায়ের কাছেই বেড়ে উঠেছেন।
রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।
এরপর কয়েক বছর একা ছিলেন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকে ফিরে চুপচাপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তার গোপন বিয়ে নিয়ে রচিত হতে থাকে লুকোচুরি গল্প।
ভালোবেসে তৃতীয় সংসার বাঁধলেও তা স্থায়ী হয়নি। বিয়ের এক বছর পরই এ সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। যা আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ শ্রাবন্তীর এ সংসারও ভেঙে যায়।
সুপারস্টারনিউজ/এআর