বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বাণিজ্য বাড়াতে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

প্রতিনিধির নাম : / ২১ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে দেশে একটি চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিসিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়।

বৈঠকে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ছয় দফা লিখিত প্রস্তাব বাণিজ্যসচিবের কাছে হস্তান্তর করে প্রতিনিধিদলটি।

বৈঠক শেষে বিসিসিসিআই সভাপতি খোরশেদ আলম বলেন, ‘চীনা ব্যাংকগুলো বাংলাদেশে শাখা খুলতে অত্যন্ত আগ্রহী। বিষয়টি সহজতর করতে কুনমিং সফরের সময় একটি চীনা ব্যাংকের সঙ্গে আমরা সমঝোতা স্মারকও (এমওইউ) সই করেছি। তবে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে প্রক্রিয়াটি খুব ধীরগতিতে এগোচ্ছে।’

তিনি বলেন, ‘চীনের তুলনামূলক ছোট বাণিজ্য অংশীদার হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় চীনা ব্যাংকের শাখা রয়েছে। অথচ বাংলাদেশে এখনো কোনো চীনা ব্যাংকের শাখা নেই।’

বিসিসিসিআই জানিয়েছে, চীন বাংলাদেশের সবচেয়ে বড় একক বাণিজ্য অংশীদার। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৈঠকে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার অপব্যবহারের বিষয়টিও তুলে ধরে সংগঠনটি। বিসিসিসিআইয়ের দাবি, বন্ড সুবিধায় আনা পণ্য অননুমোদিতভাবে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়ায় অসৎ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীসহ সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।

এ ধরনের অনিয়ম বন্ধ করে নিয়ম মেনে চলা ব্যবসায়ী ও প্রকৃত বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তদারকি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানায় বিসিসিসিআই।

সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চীনের বিভিন্ন এলাকায় বাংলাদেশি পণ্যের অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনা বাজারে রপ্তানি বাড়াতে লক্ষ্যভিত্তিক উদ্যোগ, দেশটির প্রধান বাণিজ্য মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ।

এ ছাড়া কুনমিংয়ে অনুষ্ঠিত দশম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও বৈঠকে তুলে ধরে বিসিসিসিআই প্রতিনিধিদল। ওই অভিজ্ঞতার ভিত্তিতে চীনে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বিসিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, এ জেড এম আজিজুর রহমান, জেনারেল সেক্রেটারি জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category