বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

এবার অ্যাপল ভিশন প্রো ব্যবহৃত হল অস্ত্রোপচারে

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : অপারেশন থিয়েটারে অ্যাপল ভিশন প্রো হেডসেটের সফল ব্যবহারের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে নতুন অধ্যায়ের সূচনা হল।

জটিল এক হিপ সার্জারিতে সফলভাবে এ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা ভবিষ্যতে অস্ত্রোপচারের কার্যপদ্ধতি পাল্টে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

চিকিৎসা প্রযুক্তি নির্মাতা কোম্পানি ‘স্ট্রাইকার’ বলেছে, তাদের তৈরি ‘অ্যাপল ভিশন প্রো’ অ্যাপ ব্যবহার করে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

‘ডিউক হেলথ’ হাসপাতালে হিপ আর্থ্রোস্কোপি বা নিতম্বের অস্ত্রোপচারের সময় হেডসেটটির জন্য তৈরি স্ট্রাইকারের ‘স্পোর্টসসুইট ভিশন’ অ্যাপটি ব্যবহৃত হয়, যার মাধ্যমে বাস্তবে সফটওয়্যারটির সফল সূচনা হল।

অ্যাপল ভিশন প্রো’ ডিভাইসটির নির্মাতা অ্যাপল হলেও এতে ব্যবহৃত অ্যাপ কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা কোম্পানি তৈরি করে না। উন্মুক্ত এই ইকোসিস্টেমে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানি অ্যাপ তৈরি করে।

অ্যাপল ভিশন প্রো’র জন্য থার্ড-পার্টি অ্যাপ তৈরি করেছে ‘স্ট্রাইকার’। ১৭ জুলাই মার্কিন ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন’ বা এফডিএ-এর অনুমোদনে পেয়েছে তাদের সফটওয়্যার ‘ডি নোভো’।

অ্যাপল তাদের মিক্সড-রিয়ালিটি হেডসেট বাজারে ছাড়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল, ডিভাইসটি আসলে কাদের জন্য তৈরি। এর প্রথম মডেলটি কখনোই সাধারণ বা মূল ধারার ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করেনি অ্যাপল।

গেল বছর পরীক্ষা করা শক্তিশালী ‘এম৫’ সংস্করণটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে ধারণা করা হচ্ছিল, ভিশন প্রো প্রযুক্তিটি কোনো নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে ও সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। আর এক জটিল অস্ত্রোপচারই হতে পারে এ সঠিক পরিস্থিতির বড় উদাহরণ।

মিক্সড-রিয়ালিটিতে এ অভিজ্ঞতার মানে হচ্ছে, একজন চিকিৎসক বাস্তব জগত ও সত্যিকারের রোগীর অপারেশন করার সময়ই ডিজিটাল মাধ্যমে যে কোনো তথ্য বা টুল খুব সহজেই চোখের সামনে দেখতে পাবেন।

‘স্পোর্টসসুইট ভিশন’-এর এ উদ্বোধনী অস্ত্রোপচারের ক্ষেত্রে, হিপ আর্থ্রোস্কোপি চলাকালীন সার্জনকে স্ট্রাইকারের অর্থোপেডিক সার্জারি প্ল্যানিং টুলস, আর্থ্রোস্কোপিক ছবি ও সিটি স্ক্যানের ছবি দেখার সুযোগ করে দিয়েছিল এ অ্যাপ।

অ্যাপল ভিশন প্রো ব্যবহার করে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্নকারী ডিউক হেলথের অর্থোপেডিক সার্জন ডা. চ্যাড মাদার দ্য থার্ড বলেছেন, “স্প্যাসিয়াল কম্পিউটিং ব্যবহারের ফলে আমার কাজের ধারা অনুসারে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল তথ্যের অবস্থান নিজের মতো করে সাজিয়ে নেওয়া ও জীবাণুমুক্ত পরিবেশের ভেতর থেকেই তা ব্যবহার করা সম্ভব হয়েছে।

“এমনটা অপারেশন থিয়েটারের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল করতে সাহায্য করেছে এবং প্রয়োজনীয় তথ্য সবসময় চোখের সামনে রাখতে ভূমিকা রেখেছে।”

হেডসেটটির যা দাম আর এর জন্য সফটওয়্যার তৈরির যে চ্যালেঞ্জ, সেগুলো বিবেচনায় নিয়ে বলা চলে, কারো রুটিন চেকআপের জন্য কোনো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এটা পরে আছেন এমন দৃশ্য সহসা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।

গেল মাসে অ্যাপল তাদের ভিশন প্রো টিম থেকে বেশ বড় একটি অংশকে ছাঁটাই করেছে, যা ডিভাইসটির মূলধারার গ্রহণযোগ্যতার জন্য ভালো লক্ষণ নয়।

তবে মিক্সড-রিয়ালিটি হেডসেটের কার্যকর ব্যবহারের দিক থেকে বিচার করলে সফল সার্জারি এমন এক উদ্ভাবনী প্রয়োগ, যা একসময় ভিশন প্রো’কে তার পূর্ণ সক্ষমতা পেতে সাহায্য করতে পারে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category