বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’

প্রতিনিধির নাম : / ১৬ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : নতুন প্রযোজনা ‘কালযাত্রা’ নিয়ে মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পরের দিন একই হলে একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী হবে। এটি থিয়েটার চারণিকের ৬ষ্ঠ প্রযোজনা।

নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। একজন নারী যাত্রাশিল্পীর জীবন, শিল্পীর সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প।

নাটকের কেন্দ্রে রয়েছেন—একসময়ের খ্যাতনামা যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা। মঞ্চে সে কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো বেহুলা। সময় বদলে যায়, বদলায় পালা ও তার চরিত্র। কিন্তু তার জীবনের কিছু ক্ষত, অপমান আর না পাওয়ার গল্প বদলায়নি।

প্রিন্সেস মহিমার শেষ ইচ্ছা ছিল—জানাজা। কিন্তু মৃত্যুর পর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তার মেয়ে কুমকুম সামাজিক ও ধর্মীয় নানা বাধার মুখোমুখি হয়। মায়ের স্মৃতি, যাত্রার মঞ্চ এবং বর্তমান বাস্তবতা মিলেমিশে তৈরি করে এক প্রতীকী ‘কালযাত্রা’। ‘কালযাত্রা’ দর্শকের সামনে প্রশ্ন রাখে—কোনটি ধর্ম, কোনটি অধর্ম আর কোনটি মানবতা?

নাটকটিতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নাটকটির মঞ্চ, আলো, পোশাক, আবহসংগীত, কোরিওগ্রাফি করেছেন শামীম সাগর।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category