বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। ডলারের দর কমে আসা এবং তেলের দাম কিছুটা কমার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম বাড়ে।

তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে। খবর রয়টার্স

বুধবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সোনার দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে উঠেছে।

জেফরিজের মালিকানাধীন ট্রাডুর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস তজাবোরাস বলেন, ডলারের শক্তি কমে আসা, তেলের দামে কিছুটা স্থিতি এবং মার্কিন বন্ডের সুদের হার কমে যাওয়ায় সোনার দাম বেড়েছে।

তবে স্বল্পমেয়াদে সোনার দামের প্রবণতা নিম্নমুখী রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তই সোনার পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন সোনা ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের হার সাধারণত সোনার দামের ওপর চাপ তৈরি করে।

তজাবোরাস বলেন, সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অপরিশোধিত তেল ও ভোক্তা পর্যায়ের দাম বেশি থাকলে মুদ্রানীতি আরো কঠোর করার চাপ থাকবে। এতে সোনার দামের ওপর চাপ পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ায় ডলারের ওপর আস্থা কমছে।

এতে বিনিয়োগকারীদের মধ্যে সোনার মতো বাস্তব সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।
এদিকে এ সপ্তাহে আরো কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরো বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনাও সোনার বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলার হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম পড়ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category