সুপারস্টারিনউজ ধর্ম ডেস্ক : পার্থিব জীবনে মানুষ প্রতিনিয়ত নানা কাজের উদ্যোগ নেয়। কেউ নতুন কোনো দায়িত্ব গ্রহণ করে, কেউ ব্যবসা-বাণিজ্য শুরু করে, কেউ জ্ঞানার্জন কিংবা ইবাদতের পথে অগ্রসর হয়।
কিন্তু সব কাজের শুরু যেমন সুন্দর হয়, শেষটাও তেমন সুন্দর হবে—এ নিশ্চয়তা কারো নেই। অনেকেই কোনো কাজের শুরুতে মানুষের প্রশংসা ও ভালোবাসা অর্জন করলেও শেষপর্যায়ে এসে নানা কারণে ব্যর্থতা, লাঞ্ছনা কিংবা অপমানের শিকার হয়।
একজন মুমিন তাই শুধু কোনো কাজ শুরু করার তাওফিকই চান না; বরং কাজটির পরিণতি যেন কল্যাণময় হয়, সেটিও আল্লাহর কাছে প্রার্থনা করেন। কারণ মানুষের জ্ঞান, শক্তি ও সামর্থ্য সীমিত; আর সব বিষয়ের পরিণতি একমাত্র আল্লাহই জানেন।
তাইতো রাসুলুল্লাহ (সা.) আমাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ
উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, ওয়া আজিরনা মিন খিজইদ দুনইয়া ওয়া আজাবিল আখিরাহ।
অর্থ : হে আল্লাহ! আমাদের সব বিষয়ের পরিণতি সুন্দর করে দিন এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করুন।
হাদিস : হজরত বুসর ইবনে আরতাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পাঠ করতেন।
(মুসনাদে আহমদ, হাদিস : ১৭৬২৮)
আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ভালো কাজের সুন্দর পরিণতি দান করুন, ভুল-ত্রুটি থেকে রক্ষা করুন এবং দুনিয়ার অপমান ও আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিন। আমিন।
সুপারস্টারিনউজ/এআর