সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে। তাঁর অভিনীত নতুন ছবি ‘ভাইব’ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির লেখক, পরিচালক, অভিনেতা ও প্রযোজক কুণাল খেমু। এর আগে ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিতে দেখা গিয়েছিল প্রীতিকে।
‘ভাইব’ ছবিতে অভিনয়ের কারণ জানিয়ে প্রীতি বলেন, কোনো ছবির গল্প স্বতঃস্ফূর্তভাবে ভালো লাগলেই তিনি কাজ করতে রাজি হন। এর আগে সিরিয়াস ধরনের একটি ছবিতে অভিনয় করেছেন। তাই এবার মজার কিছু করতে চেয়েছিলেন। কুণাল খেমুর প্রশংসা করে তিনি বলেন, ভালো অভিনেতা হিসেবে কুণালকে জানতেন। তবে তিনি যে চিত্রনাট্যও লিখেছেন, তা জেনে অবাক হয়েছিলেন।
নয়ের দশকের শেষ দিকে অভিনয়জীবন শুরু করেন প্রীতি। দীর্ঘ বিরতির পর ইন্ডাস্ট্রিতে ফিরে অনেক পরিবর্তন দেখেছেন তিনি। তাঁর মতে, এখন সিনেমা তৈরি করা আগের চেয়ে কঠিন। ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন ক্রীড়া লিগ এবং আন্তর্জাতিক সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতাও বেড়েছে।
ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতি বলেন, যাঁরা তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেননি, তাঁদের কথাও তাঁর মনে আছে। তবে সেসব পেছনে ফেলে এখন অন্যদের সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। তাঁর মতে, নতুনদের জন্য এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া সবসময়ই কঠিন, আর সমাজমাধ্যমের কারণে বিষয়টি আরও কঠিন হয়েছে।
ক্রিকেট দল পরিচালনা, মাতৃত্ব ও অভিনয়—সবকিছু একসঙ্গে সামলানো প্রসঙ্গে প্রীতি বলেন, তিনি একা নন, অনেক নারীই একসঙ্গে নানা দায়িত্ব পালন করেন। নিজের পাশে থাকা সহযোগিতা ও সুযোগের জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।
তবে সাক্ষাৎকারের শেষদিকে কাজের সময় নিয়ে তাঁকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করায় ক্ষোভ প্রকাশ করেন প্রীতি। তিনি বলেন, নারীদের একে অপরের বিপরীতে দাঁড় করানো অন্যায়। তাঁর সন্তানরা বড় হয়েছে, অন্যদিকে দীপিকার সন্তান এখনও ছোট। তাই নারীদের পরস্পরের বিরুদ্ধে না দাঁড় করানোর আহ্বান জানান তিনি। প্রীতির ভাষায়, ‘নারীদের জীবন এমনিতেই অনেক কঠিন।’
সুপারস্টারনিউজ/এআর