সুপারস্টারনিউজ প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ তিন নারী আহত হয়েছেন। ২৮ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতরা হলেন,বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরা এলাকার বাউনিয়ার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ছয় বছর বয়সী কন্যা আয়না আক্তার।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।
এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বলেন, যানবাহন চালানোর সময় অবশ্যই নিয়ন্ত্রিত গতি বজায় রাখতে হবে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি সড়কের ট্রাফিক সাইন ও নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি।
সুপারস্টারনিউজ/এআর