সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তিনটি শহরে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, গতকাল সোমবার দেশটির খামিস মুশাইত, আবহা এবং তায়েফ শহরকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। হামলায় ১৩ জন নাগরিক আহত হয়েছে। এ ছাড়া অন্তত সাতটি বসতবাড়ি এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে তিনি বলেন, আত্মরক্ষার অধিকার হিসেবে জোট হুতিদের দমাতে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই সৌদি সিভিল ডিফেন্স থেকে জেদ্দা, ইয়ানবু, তায়েফ, আবহা, জাজান এবং আলউলা, এই ছয়টি শহরে সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তী সময়ে পরিবেশ স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়। নাগরিকদের নিরাপত্তা মেনে চলা এবং অপ্রয়োজনে দুর্ঘটনাস্থলে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
অন্যদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইয়েমেনের পাঁচটি প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান অন্তত ৫৪টি বিমান হামলা চালিয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলার জবাব না দিয়ে হুতিরা বসে থাকবে না। এর আগে সোমবার সকালে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করে জোটের বিরুদ্ধে অভিযান আরো বাড়ানোর হুমকি দিয়েছিল গোষ্ঠীটি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা হুতিরা দখল করার পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনি সরকারের সমর্থনে সামরিক অভিযান শুরু করে। এরপর দীর্ঘদিন শান্তি বজায় থাকলেও গত জুলাইয়ের শুরু থেকে আবারও দুপক্ষের মধ্যকার লড়াই ভয়াবহ রূপ নিয়েছে।
সুপারস্টারনিউজ/এআর