বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

চীনা জাহাজ ফিলিপাইনের সরকারি নৌযানকে ধাক্কা দিয়েছে : ম্যানিলা

প্রতিনিধির নাম : / ১১ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় শুক্রবার সকালে চীনের কোস্টগার্ডের একটি জাহাজ ফিলিপাইনের মৎস্য বিভাগের একটি নৌযানকে ‘ধাক্কা দিয়েছে’ বলে জানিয়েছে ম্যানিলা।

পরে চীনের কোস্টগার্ড এ ঘটনার জন্য ফিলিপাইনের নৌযানকেই দায়ী করেছে। তারা বলেছে, ‘ঘটনার জন্য পুরোপুরি ফিলিপাইনের নৌযানই দায়ী।’

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের একটি অগভীর এলাকার কাছে এ ঘটনা ঘটে। মাছের প্রাচুর্যের কারণে এলাকাটি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে চীনের কোস্টগার্ডের জাহাজের সঙ্গে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

আন্তর্জাতিক একটি রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর বেইজিংয়ের দাবি আইনগত ভিত্তিহীন বলা হলেও চীন এখনো ওই সাগরের বেশিরভাগ অংশের মালিকানা দাবি করে আসছে।

ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়েলা বলেন, ‘জেলেদের জ্বালানি ভর্তুকি পৌঁছে দিতে সমুদ্রপথে টহল দেওয়ার সময় চীনা জাহাজটি বিআরপি দাতু মাগাত সালামাতকে ধাক্কা দেয়।’

তিনি বলেন, ‘সকাল ১১টা ৪ মিনিটে সিসিজি-২১৫৮৫ মাত্র প্রায় ১০ মিটার দূরত্ব রেখে বিএফএআর (মৎস্য ব্যুরো)-এর নৌযানটির পেছন দিক দিয়ে সামনে চলে যায়।’

প্রতিবেদনে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা বিবৃতিতে বলা হয়, নয় মিনিট পর ‘চীনা জাহাজটি একই কৌশল আবার প্রয়োগ করে। এবার সেটি বিএফএআর-এর নৌযানটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ধাক্কা দেয়।’

ফিলিপাইনের কোস্টগার্ড এক্সে প্রকাশিত একটি ভিডিওতে চীনা জাহাজটিকে নৌযানটির পেছনের দিকে দেখা যায়। একজন নাবিককে ‘সংঘর্ষ’ বলে চিৎকার করতেও শোনা যায়। তবে সংঘর্ষের মুহূর্তটি ভিডিওতে দেখা যায়নি।

চীনের কোস্টগার্ডের মুখপাত্র জিয়াং লু ফিলিপাইনের নৌযানকে দায়ী করে বলেন, তারা ‘বারবার দেওয়া কঠোর সতর্কতা উপেক্ষা করে’ ইচ্ছাকৃতভাবে গতিপথ পরিবর্তন করে ‘চীনের কোস্টগার্ডের জাহাজের সামনে দিয়ে চলে যায়।’

লু বলেন, ‘ফিলিপাইনের পক্ষের এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং চীনের কোস্টগার্ডের জাহাজ ও সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা ফিলিপাইনকে অবিলম্বে সব ধরণের অনধিকার প্রবেশ ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার কঠোর সতর্কবার্তা দিচ্ছি।

অন্যথায় এর সব পরিণতির দায় তাদেরই বহন করতে হবে।’
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category