বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম : / ১৫ Time View
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‌‘রাজনৈতিক মতপথ ভিন্ন হতে পারে। রাজনৈতিক অধিকার রাষ্ট্রে আছে। তারা সভা করবেন, লংমার্চ করবেন, বক্তব্য রাখবেন। কিন্তু সতর্ক থাকতে হবে জনগণকে- কে কী বলছে, কী উদ্দেশ্যে বলছে, কী ফায়দা তোলার জন্য বলছে।’

তিনি বলেন, ‘নানান ফাঁকফোকর কাজে লাগিয়ে এখন বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য নানানভাবে মাঠে নেমে পড়েছেন, লংমার্চ করছে, কত কিছুই করছেন।’

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরে দেখলাম একদল মব সৃষ্টি করছে, জবরদস্তি কায়েম করে নিজেদের মত চাপিয়ে দিচ্ছে। এইটা কিন্তু এমনি এমনি না। এইটার পেছনে একটা রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে আবার হাওয়া দিচ্ছে।’

তিনি বলেন, ‘যারা এখানে চিৎকার করে, ফেসবুকে গালাগালি করে, তাদের পক্ষে আমরা দেখি আবার বিরোধীদলের মঞ্চ থেকে কথা বলা হয়। তালে এই যোগাযোগটা পরিষ্কার না? কারা মব তৈরিতে আজকে সাহায্য করছে? তারা এইরকম পরিস্থিতি তৈরি করে নিজেদের ফায়দা তুলতে চায়।’

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, জনগণের সর্বভৌমত্ব কায়েম হলে, জনগণ এই রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে সরকার তৈরি করবেন। যারা অন্য কোনো মতবাদ চাচ্ছেন, জনসার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের কোনো রকম মতবাদকে আমরা সফল হতে দেবো না।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, দেশ ছেড়ে তারা পালিয়েছে। এই দেশে অন্য কোনো কিছুর নামে যদি আর কোনো শক্তি, ধর্মের নামে কিংবা নিজেদের বয়ানের নামে যদি ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাদেরও এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই খুবই নাকাল অবস্থায় আছেন। কিন্তু বলেন তো, এই অবস্থাটা কারা তৈরি করেছে? ফ্যাসিস্ট আমলে যে ভুল নীতি, দুর্নীতি করা হয়েছে, আজকে তার ফল আমরা ভোগ করছি।

দেশের অভ্যন্তরে গ্যাসের উৎপাদন বৃদ্ধিসহ বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রতিমন্ত্রী তুলে ধরেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category