সুপারস্টারনিউজ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর বিষাক্ত সাপের কামড়ে মোঃ আরিয়ান (১২) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা মিটফোর্ড সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আরিয়ান শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মোহাম্মদ উজ্জলের ছেলে। সে মজিদপুর কেসি ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায় রোববার সকাল ৮টার দিকে আরিয়ান নিজ ঘরের খাটে বসে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় মেরে দ্রুত খাটের নিচে একটি গর্তে চলে যায়। তাৎক্ষণিক বাড়ির লোকজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে পরে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করানো হয়। দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ কামাল জিলু সাপের কামড়ে আরিয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, শিশু আরিয়ানের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সুপারস্টারনিউজ/এআর