সুপারস্টার নিউজ প্রতিবেদক : দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত এটিএম শামসুজ্জামান পলাতক।
নিহত মুকুল হোসেন কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। অভিযুক্ত এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই এটিএম শামসুজ্জামানের সঙ্গে ছোট ভাই মুকুল হোসেনের কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় এটিএম শাসসুজ্জামান লাঠি দিয়ে মুকুলকে আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মুকুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে পৌঁছালে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সুপারস্টার নিউজ/এআর