সুপারস্টার নিউজ আন্তর্জাতিক ডেস্ক : কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শুরুর আগে হয় মক পোল।
ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশের সদস্যরাও।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন।
এদিন সকালেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে রেজনগরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর এবং সকাল সকাল ভোট দেন। পাশাপাশি সকালেই নিজের ভোট প্রদান করেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
মিলন প্রধান জানান, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু গতকাল রাত থেকে একটা তাণ্ডব চলছে। ভোট এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এতেশামুল হক, কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) প্রার্থী আলী মোহাম্মদ সাবে মিরাজ খান। এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করলেও পরে তিনি তার প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। এরপরই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার ঘোষণা দেন মমতা। এছাড়াও রয়েছে স্বতন্ত্র দলের প্রার্থীরা।
অন্যদিকে রেজিনগর বিধানসভার আসনে বিজেপির প্রার্থী শাখারভ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ, ঋতব্রত তৃণমূলের প্রার্থী সফিউজ্জামান শেখ, কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সিপিআইএম মনোনীত প্রার্থী সৈয়দ আসাদ আলী।
সুপারস্টার নিউজ/এআর