সুপারস্টারনিউজ প্রতিবেদক : জেলায় আজ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন।
আজ শুক্রবার সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাখের ধ্বনিতে মুখর হয়ে উঠে পূজামণ্ডপগুলো।
সকালে বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় । এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায়।
পঞ্জিকা মতে, মহালয়া, বোধন ও সন্ধিপূজা এ তিন পর্ব মিলে দুর্গাপূজা। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন হয় মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সেদিন কন্যারূপে মর্ত্যে আসেন দুর্গা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবান জেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উদ্দীপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপনে অংশ নিচ্ছেন শিশু থেকে বয়োবৃদ্ধ সকলে।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান, প্রতিবছরের মতো এবারও বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের রাজারমাঠে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলায় এবার ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
সুপারস্টারনিউজ/এআর