বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যানকে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি। এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাড়াবেন তিনি।

মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানান। তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।

তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যায়। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও আসে মিশ্র ফল। বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category