সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন আকবর আলী। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। প্রথমবারের মতো কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠ মাতানোর সুযোগ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী। আসন্ন এনপিএলের নতুন আসরে তিনি খেলবেন কর্ণালি ইয়াকস এর হয়ে। তবে তিনি একা নন, একই টুর্নামেন্টে পোখারা অ্যাভেঞ্জার্স এর জার্সি গায়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নজরকাড়া ও অভিনব প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে আকবর আলীকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে কর্ণালি ইয়াকস কর্তৃপক্ষ। আকবর এখন পর্যন্ত ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে মোট ১,১৮০ রান সংগ্রহ করেছেন।
আট ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গঠিত নেপাল প্রিমিয়ার লিগের এই আসরটি আগামী ১৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে। আগামী ১৩ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
আকবর ও সাকিবের দল ছাড়াও আসরে শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও ছয়টি দল। দলগুলো হল কাঠমাণ্ডু গোরখাস, বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, লুম্বিনি লায়ন্স এবং সুদূর পশ্চিম রয়্যালস।
সুপারস্টারনিউজ/এআর